অনলাইন বৈঠকে তিন পড়ুয়াকে মাওবাদী বলায় ফের বিতর্কে উপাচার্য বিদ্যুৎ - The News Lion

অনলাইন বৈঠকে তিন পড়ুয়াকে মাওবাদী বলায় ফের বিতর্কে উপাচার্য বিদ্যুৎ

 


দি নিউজ লায়ন;    অনলাইন বৈঠকে তিন পড়ুয়াকে মাওবাদী বলায় ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্য হয়ে কিভাবে বিশ্বভারতীর পড়ুয়াদের তিনি মাওবাদী বলেন এই নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে শান্তিনিকেতন জুড়ে।


ঘটনার সূত্রপাত ১৫ জুন একটি অনলাইন বৈঠকে। কোভিড পরিস্থিতি নিয়ে একটি বৈঠক ডাকেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখানে শুরু থেকেই বেশকিছু অধ্যাপকদের বিরুদ্ধে বিষোদগার করেন বলে অভিযোগ। এ বৈঠকের বেশকিছু অডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যার সত্যতা খবর ৪৬৫ দিন যাচাই করেনি। এ অডিও ক্লিপে উপাচার্যকে বলতে শোনা যায় "তিন ছাত্র যারা মাওবাদী তাঁদের সঙ্গে বৈঠক করে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলছেন উপাচার্যকে বহিষ্কার করবো, কেউ কোনো প্রতিবাদ করলেন না। তারমানে উপাচার্য পাঞ্চিং ব্যাগ, যখন খুশি মারতে থাকুন। আপনারা চুপচাপ থাকবেন।" এই বক্তব্যকে শুরু হয়েছে বিতর্ক। কিভাবে একজন উপাচার্য হয় সন্তান সম পড়ুয়াদের মাওবাদী তকমা দেন এই নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও আশ্রমিকরা। 


উল্লেখ্য উপাচার্যের বিরুদ্ধে সরব হওয়ায় বিশ্বভারতীর তিন পড়ুয়া সোমনাথ সৌ, ফাল্গুনী পান ও রূপা চক্রবর্তীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই সাসপেনশন এর প্রত্যাহারের দাবিতে শান্তিনিকেতন উপাসনা গৃহের কাছে অবস্থানের বসে ছিলেন ওই তিন পড়ুয়া। বিধানসভা নির্বাচন চলাকালীন অবস্থানে তাদের সাথে দেখা করেন বোলপুরের বিজেপি প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তাঁদের সাথে বৈঠকে উপাচার্যের বিরুদ্ধে বিষোদগার করে তাঁদের দ্রুত সাসপেনশন প্রত্যাহারের আশ্বাস দেন। 


এর প্রেক্ষিতে ওই তিন পড়ুয়াকে মাওবাদী বলায় ক্ষুব্ধ ওই পড়ুয়ারা। এ বিষয়ে তাঁরা বলেন উপাচার্য হয়ে যেভাবে ভাষা জ্ঞান হীন ভাবে ছাত্র দের তকমা দিচ্ছেন মাওবাদী বলে তাতে আমরা বাকরুদ্ধ। যেভাবে আমাদের মাওবাদী বলা হয়েছে তাতে আমাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আমরা কোনভাবেই কোন মাওবাদী সংগঠনের সাথে যুক্ত নয়। আন্দোলন করছি বলে যেভাবে উনি আমাদের মাওবাদী তকমা দিচ্ছেন তাতে আমরা তীব্র প্রতিবাদ জানাই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.